ময়মনসিংহের নান্দাইলে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ মে) রাত ৯টায় উপজেলার কানারামপুর–মধুপুর সড়কের বাহাদুরপুর এলাকায়।
নিহত স্কুলছাত্রের নাম শুভ (১৪)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে এবং সাইমা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়েছে তার মামা পরশ (১৬), যিনি এবার এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ ও তার মামা পরশ রবিবার দুপুরে মোটরসাইকেল কেনার জন্য নেত্রকোনার কেন্দুয়া থেকে ময়মনসিংহের ভালুকা যান। সেখানে তারা ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনে বাড়ির পথে রওনা দেন।
ফেরার পথে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার কানারামপুর–মধুপুর সড়কের বাহাদুরপুর এলাকায় সড়কে পড়ে থাকা ধানের খড়ের সঙ্গে মোটরসাইকেলটি আটকে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত পরশকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুভর স্বজন দিদারুল আলম জানান, পরশ কিছুদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য পরিবারকে অনুরোধ করে আসছিল। পরে পরিবার থেকে সম্মতি পেয়ে তারা টাকা নিয়ে মোটরসাইকেল কিনতে যান এবং বিকেলে কেনার পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!