ফেনীতে বিচারকের সামনেই বিষপান করলেন নারী বিচারপ্রার্থী, আত্মহত্যার চেষ্টা, যৌতুক, বিষপান,
ফেনীতে বিচারকের সামনেই বিষপান করলেন নারী বিচারপ্রার্থী।   ছবি: সংগৃহীত

ফেনীতে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। বিষপানকারী নারীর নাম তাহমিনা আক্তার মোহনা।

ভুক্তভোগীর বোন জানান, সকালে স্বামীর বিরুদ্ধে কাবিন আদায় সংক্রান্ত মামলার শুনানি ছিল মোহনার। শুনানি শেষে আদালত তার স্বামী আকবর হোসেনকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে সঙ্গে আনা বিষ পান করেন মোহনা।

মোহনা দীর্ঘদিন ধরে ফেনীর রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার স্বামী আকবর হোসেনের বাড়ি ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মোহনা ছটফট করতে শুরু করলে উপস্থিত আইনজীবী ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে এবং বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের বাবা আকবর হোসেনকে বিয়ে করেন তাহমিনা আক্তার মোহনা। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রবিবার ওই মামলার শুনানি ছিল।

এ বিষয়ে আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।