সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি
সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি ।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারীতে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সালাম মুর্শেদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৯ মে) রাতে আটোয়ারী থানায় জিডিটি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও বিদ্যালয় ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সালাম মুর্শেদী। ওই প্রতিবেদনের পর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. দবিরুল ইসলাম তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সালাম মুর্শেদীর দাবি, বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ এপ্রিল ছিল দবিরুল ইসলামের চাকরিজীবনের শেষ কর্মদিবস। এর আগে সহকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। পরে আন্দোলনের আশঙ্কায় ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হননি তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের জেরে গত ৮ মে রাতে দবিরুল ইসলাম ব্যবহৃত একটি মুঠোফোন নম্বর থেকে সাংবাদিক সালাম মুর্শেদীকে কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও রয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করে তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করেছি। কিন্তু এরপর আমাকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই থানায় জিডি করেছি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

স্থানীয় সাংবাদিকেরা এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।