সুদের টাকা না দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা 
সুদের টাকা না দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা ।   ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে রহিম সর্দার (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার প্রয়োজনে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নিলুফা বেগম অভিযোগ করে বলেন, তার ভাই আসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। পরে সুদ-আসলসহ এক লাখ টাকা পরিশোধ করা হলেও আসাদ আরও টাকা দাবি করছিলেন। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দুপক্ষ আগে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুষি মারা হলে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।