জীবননগরে ৬ কোটি টাকার সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ
জীবননগরে ৬ কোটি টাকার সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণে নিম্নমানের ইট, বালিমিশ্রিত পাথর ও নিম্নমানের ঢালাই সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে প্রভাবশালী মহলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, “Doulatgong Bazar Pairati on R & II Road” এলাকায় ৪১ মিটার দীর্ঘ আর্চ গার্ডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির প্যাকেজ নম্বর GKRIDP/08/CBW-175। প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে উন্নতমানের কালো পাথর ব্যবহার করে ঢালাই কাজ করার কথা, সেখানে বালিমিশ্রিত সাদা পাথর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সোলিংয়ের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাদের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শুরু হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় কিছু লোকের মাধ্যমে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।