দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ: প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ: প্রতিমন্ত্রী।   ছবি: আরটিএনএন

দেশীয় খামারিদের সুরক্ষা দিতে সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন 
টুকু।

শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারিরা যেন লোকসানের মুখে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নাটোর অঞ্চল থেকে বছরে অন্তত ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। এ খাতকে আরও এগিয়ে নিতে নতুন রপ্তানি বাজার খোঁজার পাশাপাশি ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরে তিনি বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মৎস্য উপকরণ, আধুনিক মাছ চাষ পদ্ধতি ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন।