১৬ দিন পর দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ, সৌদি আরব, সৌদি প্রবাসী, সড়ক দুর্ঘটনা, রোড এক্সিডেন্ট, কফিন, মরদেহ,
১৬ দিন পর দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ।   ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখের (৩৬) মরদেহ দীর্ঘ ১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় এক বছর আগে সৌদি আরবে যান মুরাদ। গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করতে সময় লাগায় মরদেহ দেশে আনতে বিলম্ব হয়। অবশেষে ১৬ দিন পর শনিবার ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ।

সকাল ৯টার দিকে মরদেহ বাড়িতে আনা হলে পরিবার ও এলাকাবাসীর কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে সকাল ১১টায় উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুরাদের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী, দুই কন্যাসন্তান এবং ১০ মাস বয়সী এক ছেলে। পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর অবশেষে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

এদিকে সৌদি আরবে অবস্থানরত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তোরাপ শেখপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইনসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি মরদেহ দেশে পাঠাতে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নিহতের পরিবার।