পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু।
পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় ভুগছিলেন। নিয়মিত তাকে রক্ত গ্রহণ করতে হতো। শনিবার সকালে চুল কাটার পর বাড়ির পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম পরিবারের বরাত দিয়ে জানান, জন্মের পর থেকেই মারুফ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস পরপর তাকে শরীরে রক্ত দিতে হতো। সকালে গোসল করতে নেমে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়।