পুলিশ সদস্যকে মারধরের মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার
পুলিশ সদস্যকে মারধরের মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) আত্মগোপন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল উপজেলার খয়রাবাদ এলাকায় নিজেদের মালিকানাধীন একটি পেট্রলপাম্পে নাচোল থানার কনস্টেবল শওকত হোসেনকে মারধরের অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, সেদিন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কিনতে ওই ফিলিং স্টেশনে যান কনস্টেবল শওকত হোসেন। এ সময় রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। মামলার পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।