দাদার স্বপ্ন পূরণে ১১ বছরেই হাফেজ হলো রাইয়ান
দাদার স্বপ্ন পূরণে ১১ বছরেই হাফেজ হলো রাইয়ান।   ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুরের রায়পুরে মাত্র ১১ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে আবদুল্লাহ আল রাইয়ান। দাদার স্বপ্ন পূরণ করতেই সে কোরআনের হিফজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন পরিবার ও শিক্ষকরা।

চলতি মাসেই তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা লক্ষ্মীপুর শাখার এই শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ শেষ করে। সে রায়পুর উপজেলার মাতাব্বর হাট এলাকার মো. মোবারক হোসেন ও সাহিদা আক্তার রুনা দম্পতির বড় সন্তান।

পরিবার জানায়, রাইয়ানের দাদা মরহুম ইছমাইল মাস্টারের ইচ্ছা ছিল তার নাতি হাফেজ হবে। সেই স্বপ্ন পূরণে ছোটবেলা থেকেই কোরআন হিফজে মনোযোগ দেয় রাইয়ান।

রাইয়ানের বাবা মোবারক হোসেন বলেন, আমার বাবার স্বপ্ন ছিল তার নাতি হাফেজ হবে। বাবা এখন বেঁচে নেই, কিন্তু আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করেছে। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।

তিনি রাইয়ানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে তার সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন।

মাদ্রাসার শিক্ষক ওয়ালী উল্লাহ বলেন, রাইয়ান মেধাবী ও পরিশ্রমী ছাত্র। অল্প বয়সেই হিফজ সম্পন্ন করা তার জন্য বড় অর্জন। তিনি বলেন, ভবিষ্যতে সে একজন ভালো আলেম হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।