মেহেরপুরে লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ।
মেহেরপুরে লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ।   ছবি: আরটিএনএন

মেহেরপুরের গাংনীতে বালিবাহী স্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে সানজিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করমদি গ্রামের ভ্রাম্যমাণ ছিট-কাপড় ব্যবসায়ী সাজেদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার সকালে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী লাটাহাম্বা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা লাটাহাম্বা ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।