নাটোর ও খুলনার কিছু এলাকায় নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা কাটার কাজের কারণে  শনিবার প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর ও খুলনার কিছু এলাকায় নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা কাটার কাজের কারণে শনিবার প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   ছবি: সংগৃহীত

নাটোর ও খুলনার বিভিন্ন এলাকায় নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা কাটার কাজের কারণে আজ শনিবার (৯ মে) প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। এতে প্রভাবিত হবে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থান।

এদিকে, ওজোপাডিকো খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের পাশে থাকা গাছপালার শাখা কাটার কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে প্রভাবিত হবে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী এবং বাংলার মোড় এলাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। গ্রাহকদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে, কাজ শেষে যেকোনো সময় লাইন সচল হতে পারে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এমআর/আরটিএনএন