কুমিল্লা সীমান্তে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
কুমিল্লা সীমান্তে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ।   ছবি: আরটিএনএন

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৮ মে) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহলদল কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২০৭৬/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭০৬টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক সিজারমূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।