অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ৪ সদস্য আটক
অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ৪ সদস্য আটক।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, কুখ্যাত ফজল কাদের বাহিনীর কয়েকজন সদস্য কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানিক দল আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আটক ব্যক্তিরা সবাই কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।