কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী।   ছবি: আরটিএনএন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কৃষকদের সুরক্ষায় সরকার শস্য বীমা চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

শুক্রবার (৮ মে) যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ক্রয় এবং স্বল্প সুদে কৃষিঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও কৃষকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, ডিজেল ও সার সরবরাহ নিশ্চিত করায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি একটি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ অনেকে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি বোরো মৌসুমে যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।