জয়পুরহাটে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির শুরু
জয়পুরহাটে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির শুরু।   ছবি: আরটিএনএন

জয়পুরহাটে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তিকে কুরআন হাদিসের আলোকে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’।

শুক্রবার (৮ মে) সকালে তালিমুল ইসলাম একাডেমি ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষাশিবিরের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি তারেক হোসেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম।

প্রথম দিনের অধিবেশনে ‘দারসুল কুরআন’ পেশ করেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার বর্তমান দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

আয়োজকরা জানান, সংগঠনের জনশক্তিকে সাংগঠনিকভাবে আরও দক্ষ ও আদর্শিকভাবে সমৃদ্ধ করতে কুরআন-হাদিসভিত্তিক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ শিক্ষাশিবির শনিবার (৯ মে) বিকেল পর্যন্ত চলবে।

এদিকে, প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের সাথীরা। অংশগ্রহণকারীরা জানান, পড়াশোনার পাশাপাশি কুরআন, হাদিস ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ তাদের ব্যক্তিগত ও বাস্তব জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।