মেন সুইচ চালু রেখেই বাল্ব সংযোগ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহত যুবক নাজমুল হাসান ।   ছবি: আরটিএনএন

উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ওই গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তফার একমাত্র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে মেন সুইচ চালু থাকা অবস্থায় বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে যান নাজমুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলিপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।