যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ব্যবসায়ী আনিছুর রহমান।   ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে রুম ভাড়া নিয়ে বিরোধের জেরে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া বোয়ালমারি গ্রামে নিজ বাড়িতে এলোপাতাড়ি কুপিয়ে আনিসুর রহমানকে জখম করে দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক। তিনি নওয়াপাড়া বোয়ালমারি পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ির সামনে আনিসুর রহমানের ছয়তলার একটি ভবন রয়েছে। ওই ভবনের রুম ভাড়া দেওয়া নিয়ে শাহ মাহমুদ হাসান (৩৮) নামে এক ব্যক্তির সাথে তার বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে গত বুধবার (৬ মে) রাতে ভবনের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ হাসানসহ অজ্ঞাতনামা ২/৩ জন আনিসুর রহমানকে এলোপাতাড়ি কোপ ও মারপিট করে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশি তৎপরতা চলছে।