কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নারী গ্রাহক আহত, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, আঢ়ঙ, কিস্তি, সমিতি, এনজিও, NGO, ব্র্যাকের মাঠকর্মী,
কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে নারী গ্রাহকের মাথা ফাটিয়েছে ব্র্যাক।   ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ব্র্যাকের এক মাঠকর্মীর সঙ্গে নারী গ্রাহকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাকী বেগম নামে এক নারী আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুপদ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লাকী বেগম উপজেলার পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছালমা বেগম ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকী বেগম ব্র্যাকের ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিছু কিস্তি বকেয়া থাকায় বুধবার সকালে ব্র্যাক অফিসের সামনে তার কাছে কিস্তির টাকা চান মাঠকর্মী ছালমা বেগম। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে লাকী বেগম বাড়ি ফিরে যান।

পরে স্বামীকে সঙ্গে নিয়ে আবার বাজারে এলে উভয় পক্ষের মধ্যে পুনরায় বিরোধ বাধে। এ সময় ছালমা বেগম একটি লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া দাবি করেন, ঋণের অধিকাংশ টাকা পরিশোধ করা হয়েছে এবং সামান্য কিছু টাকা বাকি ছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ছালমা বেগম আঘাতের বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে টাকা বকেয়া ছিল। টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্র্যাকের ধাপেরহাট শাখা ব্যবস্থাপক আজহারুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ব্র্যাকের জেলা সমন্বয়কারী (ক্ষুদ্রঋণ) মোশাররফ হোসেন বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুপদ হালদার জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।