বেশি ফি ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমান।
বেশি ফি ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমান।   ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৬ মে) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, ​সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্যাথলজিক্যাল পরীক্ষায় অধিক মূল্য নেওয়ায় ১০,০০০ টাকা।

ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব একই অপরাধে (অধিক মূল্য গ্রহণ) ১০,০০০ টাকা। ​গোপাল মেডিকেল হল বিক্রয় নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের দায়ে ১০,০০০ টাকা। ​মল্লিক ফার্মেসী ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ১০,০০০ টাকা। ​ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার প্রদান করে।

​অভিযান চলাকালীন জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

​অধিদপ্তর সূত্রে জানানো হয়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারের অন্যান্য দোকান ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান জেলায় অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।