ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু,
ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু।   ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকার ভুল্যারহাট আলুটারি ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ ভুট্টাখেতে কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে সামান্য বৃষ্টি শুরু হয়। এ সময় তারা খেত থেকে ভুট্টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

বজ্রপাতের পর কিছু সময় তাকে একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা এগিয়ে যান। পরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান।