চুয়াডাঙ্গায় তিন কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
চুয়াডাঙ্গায় তিন কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। ধ্বংস করা মাদকের মোট মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন।

মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য সংস্থাও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্তে মাদক প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী নতুন বর্ডার আউটপোস্ট স্থাপন করা হবে। একই সঙ্গে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সীমান্ত আরও শক্তিশালী হবে এবং জব্দকৃত মাদকের পরিমাণও বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির লে. কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ এবং চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান।