নারায়ণগঞ্জে রাতভর অভিযান, বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার।   ছবি: আরটিএনএন

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনার পরপরই এলিট ফোর্স র‍্যাব চালিয়েছে রাতভর ব্যাপক চিরুনি অভিযান। এতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। অভিযানে প্রস্তুত রাখা হয় প্রশিক্ষিত বাহিনীর হেলিকপ্টার এবং ভারী অস্ত্র-গোলাবারুদও, যা অভিযানের গুরুত্ব ও তৎপরতার মাত্রা স্পষ্ট করে।

র‍্যাব সদর দপ্তর থেকে পাওয়া ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে শুরু হয় ‘জিরো টলারেন্স’ ভিত্তিক বিশেষ অভিযান। নতুন সরকারের আমলে এই ধরনের বড় পরিসরের অভিযান এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (৬ মে) ভোর সাড়ে চারটার দিকে অভিযানসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন র‍্যাব কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সংখ্যা দুই লক্ষাধিক হতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা নির্ধারণে গণনা চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে একই দিন দুপুরে র‍্যাবের গোয়েন্দা বিভাগের তিন সদস্য স্থানীয় মাদক ও সন্ত্রাসী চক্রের ওপর তথ্য সংগ্রহকালে হামলার শিকার হন। অপরাধী চক্রের সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে। পরে র‍্যাব সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে তিন সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এই ঘটনার পরই কঠোর অবস্থান নিয়ে পুরো এলাকায় অভিযান চালায় র‍্যাব, যা মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।