নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীরআত্মহত্যা, স্বামী আটক।
নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক।   ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রুমি ফেনীর দাগনভূঞা উপজেলা সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটে।

এরপর রাতে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।