লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার।   ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হঠাৎ এ ঘটনা ঘিরে সীমান্ত এলাকার লোকজনের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস থেকে প্রায় ২০ গজ ভেতরে একটি ভুট্টা ক্ষেত থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ড্রোন ব্যবহার করে সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পাশের জমিতে কাজ করা এক কৃষকের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে ড্রোনটি বিকট শব্দে ক্ষেতে পড়ে যায়।

ঘটনার পরপরই বিএসএফ সদস্যদের সীমান্তে তৎপরতা বৃদ্ধি করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

স্থানীয় কৃষকেরা বিজিবিকে খবর দিলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীন বুড়িমারী বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে বিজিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।