লালমনিরহাট বিজিবি স্কুলে আধুনিক শ্রেণিকক্ষ ও প্লে স্টেশন উদ্বোধন
লালমনিরহাট বিজিবি স্কুলে আধুনিক শ্রেণিকক্ষ ও প্লে স্টেশন উদ্বোধন।   ছবি: আরটিএনএন

লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছোট শিশুদের শিক্ষার পরিবেশে আনা হয়েছে নতুনত্ব। প্লে ও নার্সারি শ্রেণির কক্ষগুলো সাজানো হয়েছে এমনভাবে, যেখানে পড়াশোনা আর আনন্দ একসঙ্গে মিশে গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ জানায়, শিশুদের শেখার আগ্রহ বাড়াতে আন্তর্জাতিক মানের শিক্ষাধারণার সঙ্গে মিল রেখে এই পরিবর্তন আনা হয়েছে। শিশুরা যেন স্বাভাবিকভাবে চাপ ছাড়াই শেখার সঙ্গে যুক্ত থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা করে শেখার সুযোগ পাবে এবং তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও দলগত কাজের মানসিকতা গড়ে উঠবে বলে জানান শিক্ষকরা ।

উদ্বোধন শেষে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ধীরে ধীরে পুরো শিক্ষাব্যবস্থায় আধুনিকতা আনার পরিকল্পনা রয়েছে। শিশুদের উপযোগী পরিবেশ তৈরি করতে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে।
শুধু শ্রেণিকক্ষেই নয়, স্কুলের ক্যান্টিনেও আনা হয়েছে পরিবর্তন। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশিক্ষিত কর্মীরা এ বিষয়ে কাজ করছেন।

অভিভাবকরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন পরিবেশে শিশুরা স্কুলে আসতে আগ্রহী হবে এবং শেখার বিষয়টি তাদের কাছে সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে।