বিচ্ছেদ সইতে না পেরে বৈদ্যুতিক টাওয়ারে যুবক, অতঃপর...
বিচ্ছেদ সইতে না পেরে বৈদ্যুতিক টাওয়ারে যুবক, অতঃপর...।   ছবি: সংগৃহীত

হাসান শিকদার নামের এক যুবকের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার প্রেমিকার। বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রবিবার (৩ মে) রাতে মাদারীপুরের শিবচরের শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির অদূরে প্রায় ৪৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে উঠে পড়ে। টাওয়ারের উপর থেকে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখতে অনুরোধ করে এবং টাওয়ারের নিচে আসতে অনুরোধ করে। তা না হলে সে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে যেয়ে টাওয়ারে উঠে বন্ধুকে বাঁচাতে চেষ্টা করে এবং নিচে নেমে আসতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে। অপরদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন এবং হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করতে থাকে।

হাসানকে নিচে নামানোর প্রচেষ্টা রাত ১১টা পর্যন্ত চলমান থাকে। পরে হাসানের বন্ধু তাকে নিয়ে নিচে নেমে আসে। 

পরে পুলিশ জনরোষ থেকে হাসানকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিবচর থানায় নিয়ে যায় এবং তার পরিবারের নিকট হস্তান্তর করে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যায় ওই যুবককে টাওয়ারে উঠতে দেখা যায়। পরে সন্দেহ হলে টাওয়ারের নিচে লোকজন ভিড় করে পরিস্থিতি বুঝে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিশ্চিত হই যে প্রেমে বিচ্ছেদের কারণে এই পথ বেছে নিয়েছে যুবকটি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’