চাঁদপুরে অবৈধভাবে মজুতকৃত ৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করল ভোক্তা অধিকার,
৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করল ভোক্তা অধিকার।   ছবি: আরটিএনএন

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স আহিল এন্টারপ্রাইজ অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করেছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তা বিক্রি করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে মেসার্স স্মৃতি ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বোতলজাত সয়াবিন তেল মজুত রাখায় হাওলাদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, “অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং পুনরায় এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে। এছাড়া উদ্ধারকৃত ৩২০ লিটার তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের কাছে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়েছে।”

অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, জেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।