বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে তার নিজ জেলা নোয়াখালীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নবঘোষিত জেলা কমিটিকে কেন্দ্র করে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালান। এতে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ইটের আঘাতে এক পথচারী আহত হলে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের পর নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। এতে সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নবঘোষিত জেলা কমিটির সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে একাধিক নেতা আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী ও সংহতি জানানো নেতাদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব, আনোয়ার হোসেন রকি, তারেক নুর, ইয়াসিন আরাফাত শুভ, হাবিবুর রহমান হাবিব, আবদুস সামাদ রিজভী, আফরাতুল কাউসার, সুজন হাম্মাদি ও আরিফুল হক হৃদয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করেছেন, যা সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।
তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে সবার অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!