ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে  আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। শয্যা সংকট থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রাখা হয়েছে।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত শিশুটির বয়স ৭ মাস। গত ২৮ এপ্রিল ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে রাতে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৬৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৬৩ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ২৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৩ মাস থেকে ১০ বছর বয়সী শিশু রোগী ভর্তি হচ্ছে, তবে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের আইসিইউ এখনো চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে বাবল সিপ্যাপসহ প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা দেওয়া হচ্ছে।