রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন,
খাল খননের দুশ্য।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় খালপাড়ে একটি বৃক্ষরোপণ করা হয়।

রবিবার (৩ মে) উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হোসেন খান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সালাম মিয়া বলেন, দেশের সব খাল পুনঃখনন করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নের দুটি পৃথক খাল পুনঃখনন কাজ শুরু হলো।

তিনি আরও বলেন, খাল দুটি পুনঃখনন শেষে আশপাশের ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, উপজেলার যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা, যেখানে ৫৩৫ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন। এছাড়াও উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪.৯৭০ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা, যেখানে ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন। কাজ দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।