মনিরামপুরে এমপি’র পিএসকে কুপিয়ে জখম,  সিসিটিভি ক্যামেরায় ধরা
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওবায়দুল্লাহর ওপর হামলার ঘটনা।   ছবি: আরটিএনএন

যশোরের মনিরামপুরে পূর্বের সংঘর্ষের জেরে যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ইসলামী ছাত্রশিবিরের যশোর পূর্ব জেলার সাবেক সভাপতি আ জ ম ওবায়দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত প্রায় ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে খাল খননের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের উদ্ধাকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবদল নেতা বাপ্পি হোসেন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে আ জ ম ওবায়দুল্লাহর ওপর হামলা চালান এবং তার শরীরে কয়েকটি কোপ দেন। মানুষ চলে আসার দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন বাপ্পি।

গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ওবায়দুল্লাহকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

মনিরামপুর কাঁচা বাজারের বাসিন্দা অভিযুক্ত বাপ্পি হোসেন যুবদলের কর্মী হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি দলের কেউ নন।

হামলার ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের করেছে উপজেলা জামায়াত। মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক মামলা করার কথা নিশ্চিত করে অভিযুক্ত বাপ্পি হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।