আবাসিক ভবনের নিচতলায় ভাড়াটিয়ার জ্বালানি তেল মজুত, হঠাৎ আগুন
আবাসিক বাসায় মজুদ করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ডের পর এক ভাড়াটিয়াকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মো.উমর ফারুক (৫১) নামে এক মজুদকারী ব্যক্তিকে একটি কক্ষে আটকে রাখেন।পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার দরিরামপুর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির নিচে ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১) বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখেন। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সেখানে সংরক্ষিত তেলের একটি পাত্রে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ঝুঁকিপূর্ণভাবে আবাসিক এলাকায় জ্বালানি তেল মজুতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মজুতকৃত পেট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। তল্লাশিতে সিঁড়ির নিচে রাখা কন্টেইনার থেকে প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতের অপরাধে উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

প্রশাসন জানায়, উমর ফারুক পাশের একটি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি বাসায় জ্বালানি তেল মজুত করে রাখতেন এবং পাম্পে তেল সংকট দেখা দিলে অতিরিক্ত দামে বিক্রি করতেন।

এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্য করে যানবাহন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও তারা ঘটনার বিচার দাবি করলে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।