চুয়াডাঙ্গায় দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।   ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন এলাকায় প্রায় এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ মে) সকালে উপজেলার দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সড়ক দুটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এই কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষি প্রধান জেলা। এখানকার সড়ক, সেতু ও কালভার্টের উন্নয়ন হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে ও সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন, যা সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানা গেছে, নবনির্মিত সড়ক দুটির মধ্যে একটির দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা মো. আকতার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু, জামায়াত নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান, আক্কাছ আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।