‘দেলুপি’ শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি সময়ের দর্পণ।
‘দেলুপি’ শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি সময়ের দর্পণ।   ছবি: আরটিএনএন

গল্পের শুরু ২০২৪ সালের আগস্টে। খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে ভদ্রা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় জনপদ। গ্রামবাসীর সেই স্বেচ্ছাশ্রমের লড়াই দেখে ঢাকা থেকে ছুটে যান তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। থাকার জায়গা হয় কালীনগর কলেজের একটি কক্ষে। উদ্দেশ্য ছিল তথ্যচিত্র নির্মাণ, কিন্তু দেলুটির মানুষের যাপিত জীবন আর সংগ্রাম দেখে তৈরি হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’।

পরিচালক তাওকীর ইসলামের ভাষায়, সিনেমার গল্প পাওয়াটা অনেকটা ছিপ দিয়ে মাছ ধরার মতো। তিনি বলেন, “বড়শি ফেলেছিলাম, তবে মাছ টোপ গিলবে কি না নিশ্চিত ছিলাম না। শেষ পর্যন্ত মাছটি ধরা পড়ে।” দেলুটির মানুষের সঙ্গে দিনের পর দিন মিশে যাওয়ার পরই উঠে আসে এই সিনেমার হাড়মাংসের গল্প।

এই চলচ্চিত্রের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর অভিনয়শিল্পীরা। কোনো পেশাদার শিল্পী নয়, বরং দেলুটির সাধারণ মানুষই অভিনয় করেছেন এই সিনেমায়। যাঁদের জীবনে আগে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ছিল না, তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে আস্থার সম্পর্ক তৈরি করেন নির্মাতা। চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায় ও রুদ্র রায়দের মতো স্থানীয় মানুষরাই হয়ে উঠেছেন পর্দার মূল চরিত্র।

‘দেলুপি’ শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি সময়ের দর্পণ। সিনেমায় যেমন আছে প্রেম আর প্রাকৃতিক দুর্যোগ, তেমনি আছে যাত্রাশিল্পীদের জীবনসংগ্রাম। পরিচালক মনে করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সমাজ যে অস্থিরতা ও প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে, তার অতীত ও বর্তমানের যোগসূত্র এই ছবিতে স্পষ্ট। এটি মূলত একটি ঐক্যের গল্প, যা সমস্যা সমাধানের পথ দেখায়।

দেশব্যাপী মুক্তির আগে নির্মাতা চেয়েছিলেন যাঁদের জীবনের গল্প, তাঁদেরই প্রথম দেখাতে। সেই লক্ষ্যেই গত বুধবার দেলুটির দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল সিনেমার প্রিমিয়ার। তেরটি গ্রামের সাধারণ মানুষ নিজেদের জীবনকে বড় পর্দায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ হেসেছেন, কেউ কেঁদেছেন, আবার কেউ নিজেকে খুঁজে পেয়েছেন পর্দার চরিত্রে।

আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গণে প্রশংসিত হওয়ার পর  ১ মে ২০২৬, শুক্রবার ‘দেলুপি’ প্রদর্শিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে। থার্টি ফাইভ এমএম ফিল্ম ক্লাবের উদ্যোগে দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট তিনটি শো অনুষ্ঠিত হয়েছে। যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে উপস্থিত ছিলেন নির্মাতা ও তাঁর পুরো টিম।