হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার।
হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার।   ছবি: সংগৃহীত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার।

নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ-এই ৬ জেলার কৃষকদের সুবিধার্থে আগামী ৩ মে থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওর অঞ্চলের জন্য পূর্বনির্ধারিত ১৫ মে তারিখটি এগিয়ে এনে ৩ মে করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে, অর্থাৎ ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

এ বছর সরকার ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে।

হাওর অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যেন তাদের কষ্টের ফসলের ন্যায্যমূল্য পান এবং দ্রুত বিক্রি ও সংরক্ষণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় আশা করছে, সরকারি এই উদ্যোগ কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।