নওগাঁ মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ১
নওগাঁ মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার স্বাধীন বাবু।   ছবি: আরটিএনএন

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বাধীন বাবু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বদলগাছী উপজেলার কামালপুর গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া স্বাধীন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, গোবরচাপা এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে মাদক নিয়ে আসছেন। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি কামালপুর গ্রামের একটি ধানখেত সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীনের মোটরসাইকেলটি থামানো হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ মাদকসহ মোটরসাইকেলটি জব্দ করে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।