চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুই সাংবাদিক গুরুতর আহত হন।
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুই সাংবাদিক গুরুতর আহত হন।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা পান করছিলেন ওই দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করে। অপরদিকে, তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করা হলে তাঁর হাতের আঙুল কেটে যায়।

হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।