মুন্সিগঞ্জে দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ 
চোরাই মাল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ছবি: আরটিএনএন

​মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজারে একটি কাপড়ের দোকানে তালা কেটে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যসহ চোরাই মাল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর ও জুরাইন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ থানাধীন বাংলাবাজারস্থ জনৈক বশীর আহম্মেদের কাপড়ের দোকানের তালা কেটে অজ্ঞাত চোরেরা ভিতরে প্রবেশ করে। দোকান থেকে শাড়ী, লুঙ্গি ও থান কাপড়সহ প্রায় ৮,০০,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। পরবর্তীতে ভুক্তভোগী বশীর আহম্মেদের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুন্সিগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

​মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী দল গত দুই দিন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদপুর এলাকা থেকে চুরির সাথে সরাসরি জড়িত আসামী রুবেল মৃধা ও রানা কাজীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার জুরাইন এলাকা থেকে চোরাই মালামাল ক্রেতা আসামী জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের দেখানো মতে এবং শনাক্তমতে জামালের ভাড়া বাসা থেকে ৪৫টি লুঙ্গী, ১২টি থ্রি-পিস এবং ৫টি শাড়ী উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিষয়েও তদন্ত অব্যাহত আছে।