ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে দাদি আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত নাতি জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত আয়েশা খাতুন ওই এলাকার মৃত নবী হোসেনের মেয়ে। আটক জসিম (৩৫) মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়েশা খাতুনের অনেক আগেই বিবাহবিচ্ছেদ হয়। তাঁর একমাত্র ছেলের সন্তান জসিম। জসিমের জন্মের পর তাঁর বাবা মারা যান। পরে জসিমের মা অন্যত্র বিয়ে করেন এবং সেখানেই মারা যান।

এরপর জসিমকে তার দাদি আয়েশা খাতুন বড় করে তোলেন। বড় হয়ে জসিম বিয়ে করে দাদির বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তার দুই সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি একাই বসবাস করছিলেন। অন্যদিকে দাদি আয়েশা খাতুন নিজ বাড়িতেই থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুনের নামে কিছু জমি রয়েছে, যার একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা জমিতে ভাগ বসাতে পারে—এমন সন্দেহে জসিম দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাত ৯টার দিকে জসিম দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়। পরে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জসিমকে আটক করে পুলিশে খবর দেয়।

এসআই আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।