পাবনা প্রেসক্লাব।
পাবনা প্রেসক্লাব।   ছবি: আরটিএনএন

 গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূর্ণ করে ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

দ্বিতীয় দিন শনিবার (২ মে) সকাল ১০টায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনী দিন রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধন করবেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। একই দিনে মফস্বল সাংবাদিকদের তৎকালীন একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়।

তারা আরও জানান, যাত্রার শুরু থেকেই পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করেছে। দীর্ঘ এই সময়ে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্যরা এ ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।