চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ভোলাহাট উপজেলার ভুক্তভোগী জনগণের উদ্যোগে মেডিকেল মোড় চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৭ তারিখ দিবাগত গভীর রাতে ফলিমারি বিল এলাকায় অবস্থিত হিরো ভাটায় তেল পাচারের সময় একটি তেলবাহী গাড়ি, একটি নসিমন, চারটি ট্রলি ও দুটি চার্জার ভ্যান হাতেনাতে জব্দ করে বাংলাদেশ পুলিশ। তবে ওই সময় থেকে মানববন্ধন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, তেল পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত আলী, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, কৃষক ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিম, যুবদল নেতা জুবায়ের হাসান, মতিউর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোহুর আহমেদ দুলাল, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, খাইরুল সাকিবসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার রিদয় (২৬)-কে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।