জয়পুরহাট জেলার ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।
জয়পুরহাট জেলার ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।   ছবি: আরটিএনএন

জয়পুরহাট জেলার ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সরকারি মাটি ও বালু বিক্রি সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক আমানুল্লাহ আমান, যিনি দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধি।

জানা গেছে, সরকারি পুকুর ইজারা ও মাটি-বালু বিক্রির বিষয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক আমানুল্লাহ আমান বলেন, ইউএনও কয়েকজন সাংবাদিককে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে অফিসে ডেকেছিলেন। আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ১০-১২ জন আমার ওপর হামলা চালিয়ে মারধর করেন। ঘটনার সময় ইউএনও পাশের কক্ষে চলে যান। পরে হামলাকারীরা নিচে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইউএনও কার্যালয়ে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। এটি তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী-র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম জানান, ইউএনও কার্যালয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।