দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।   ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়।

জানা গেছে, মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রথম ধাপে সকাল ৬টায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়, পরে সকাল সাড়ে ৬টায় তা আবার চালু করা হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুঁইয়া বলেন, “ঝড়ো বাতাসের কারণে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।”

আকস্মিক ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহন ও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে যানবাহনের চাপ কমতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।