ময়মনসিংহের ত্রিশালে মোতালেব হোসেন  নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ময়মনসিংহের ত্রিশালে মোতালেব হোসেন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহের ত্রিশালে মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা এবং মৃত সাইফুল্লাহর ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে ধানক্ষেতে মোতালেব হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, মাগরিবের নামাজের আগে তার বাবা ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। পরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল।

পুলিশ জানায়, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে টাকা অক্ষত থাকায় হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।