পঞ্চগড়ের আটোয়ারীতে গোরস্থানের কবর হতে কঙ্কাল চুরি 
পঞ্চগড়ের আটোয়ারীতে গোরস্থানের কবর হতে কঙ্কাল চুরি ।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার-আউলিয়া এলাকার ঢাংগাঢাংগী পুকুরপাড় পারিবারিক গোরস্থানের কবর হতে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এলাকার লোকজন ওই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি কবরের উপরের অংশ অরক্ষিত দেখে তাদের কৌতুহল হয় এবং পরবর্তীতে কঙ্কাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন স্থানীয়রা। 

এ প্রসঙ্গে ঢাংগাঢাংগী গোরস্থান সংলগ্ন ঈদগাহের সভাপতি কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা কয়েকটি কবরের ভিতরের অংশ দেখে ধারনা করছি কবরের ভিতর কোন কঙ্কালের অস্তিত্ব নেই। 

তিনি আরও বলেন, এরকম সাতটি কবরের উপরের অংশ অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে তারা দেখেছেন। এরমধ্যে দুটি কবরের ভিতর শুধু কাফনের কাপড় পেয়েছেন এবং অন্য পাঁচটি কবরে কোন কিছুই পান নি। 

এদিকে খবর পেয়ে আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল ইসলাম ও এসআই মঈনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনটি শুনে মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা সাইদুজ্জামান উক্ত গোরস্থানে দ্রুত ছুঁটে গিয়ে বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করেন। গোরস্থান হতে কঙ্কাল চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।