দর্শনা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দর্শনা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।   ছবি: আরটিএনএন

দর্শনা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী তিন দিনের জন্য বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারীদের ভারতে প্রবেশ বন্ধ থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে মানবিক ও জরুরি ক্ষেত্রে সীমিত ছাড় রাখা হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী (স্মারক নং- ৫০০(৫৪)/JM) নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক কাজে পূর্বনির্ধারিত যাত্রা করা অনেকেই হঠাৎ অনিশ্চয়তায় পড়েছেন। তবে এই সময়ে ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

মানবিক বিবেচনায় ক্যান্সার রোগীদের জরুরি কেমোথেরাপি, দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকবে।

মো. তারিক জানান, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যাত্রীদের আগাম সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন শেষে ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।