প্রচন্ড তাপদহ ও ভ্যাপসা গরমে রাজবাড়ী জেলাতে হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
রবিবার (২৬ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অবশ্য গত এক সপ্তাহে ৫৫ জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন বলে ডায়রিয়া ওয়ার্ডের স্টাফ নার্স কবিতা জানান।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডের অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই চিকিৎসা নিচ্ছেন। লোডশেডিং এর মধ্যে তীব্র গরমে এসব স্থানে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে।
সদর উপজেলার সূর্যনগর থেকে আসা সামসু মোল্লা বলেন, ‘শুক্রবার রাতে স্ত্রীকে ভর্তি করালেও বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানের ব্যবস্থাও নেই, ফলে গরমে কষ্ট বেড়েছে।’
সদরের পাচুরিয়া থেকে আসা রফিক পাটারী নামের আরেকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে কোনো জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, ‘গত কয়েকদিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে।’
তিনি আরও জানান, ডায়রিয়া আক্রান্ত হলে শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ জরুরি। পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। রোগীর চাপ আরও বাড়লে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!