চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম কাউসারুজ্জামান বাবলু (৩৫)।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের দ্বিতীয় ছেলে এবং দিনমজুরির পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নানার বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে বাবলু তার মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে। হামলাকারীরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা বাবলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবলুর বাবা আবুল কালাম সওদাগর অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সে এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়ায় কিছুদিন ধরে কে বা কারা তাকে হুমকি দিয়ে আসছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!