বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।   ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার একটি রাবার বাগান থেকে শ্রমিকদের অপহরণ করা হয়। ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান শুরু করে এবং অপহৃতদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব শ্রমিক ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও কাজ শেষে তারা বাগান ঘরে অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী ও মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এসে তাদের মারধর করে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বাগান মালিকের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে।

রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, শ্রমিকদের অপহরণের পর মুক্তিপণের জন্য ২০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সেনাবাহিনীর দ্রুত অভিযানে অপহৃতদের উদ্ধারে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।